চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ১৮:১৪ পিএম
মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা আমনের আবাদ আগেই শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মঙ্গলবার তোলা। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ইতোমধ্যে কৃষকরা ধানের চারা তুলে রোপণের কাজ শুরু করে দিয়েছেন। কৃষি অধিদপ্তর বলছে এবারের মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা রোপা আমনের আবাদ আগেই শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জেলাজুড়ে এবার ৫৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৩৮০ হেক্টর, শিবগঞ্জ উপজেলায় ৬০০ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর, নাচোল উপজেলায় ২২ হাজার ৪০০ হেক্টর ও ভোলাহাট উপজেলায় ৫ হাজার ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের কর্মযজ্ঞ চলছে।
কৃষকরা জানিয়েছেন, গতবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় বাম্পার ফলন হওয়ায় এবারও রোপা আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এবার মৌসুমের শুরুতে আশানুরূপ বৃষ্টিপাত হাওয়ায় ধানিজমি প্রস্তুত করে ধানের চারা রোপণ করছেন তারা। তবে কিছু কিছু এলাকায় পানি সংকটে ধানি জমি প্রস্তুতে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা।
শিবগঞ্জের কৃষক মুনিরুল ইসলাম জানান, এবার নির্ধারিত সময়ের আগেই রোপা আমনের বীজতলা প্রস্তুত করে কৃষকরা। বর্ষার সময় কৃষকরা জমি প্রস্তুত করে ধানের চারা রোপণ করতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, এবারও ভালো ফলন পাওয়া যাবে।
নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষক মাইনুল ইসলাম বলেন, বর্ষার পানি যেসব জায়গায় জামানো সম্ভব হয়েছে ওইসব জায়গা রোপা আমন চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু যেসব জায়গায় পানি জামানো সম্ভব হয়নি সেসব জায়গা চারা রোপণের জন্য প্রস্তুত করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, রোপা আমনের চারা রোপণের কাজ শুরু হয়েছে। এখনও সেপ্টেম্বর পর্যন্ত রোপা আমন চাষাবাদের সময় আছে। এবারের মৌসুমে বৃষ্টি একটু আগেই হয়েছে। ফলে চাষাবাদও আগাম হবে।