মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১০:০৫ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৪:১৪ পিএম
ফাইল ছবি
মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যা অনতিবিলম্বে চালুর দাবিতে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল আশিক (তারেক শরীফ)।
এতে আগামী সাত দিনের মধ্যে ২৫০ শয্যা হাসপাতাল কেন চালু হচ্ছে না কারণসহ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী লিগ্যাল নোটিসটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহাসচিব (ডিজিএইচএস), মাদারীপুর স্বাস্থ্য বিভাগ, মাদারীপুর গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন, মাদারীপুর সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, ডিসি এবং ওসি বরাবর পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে—মাদারীপুর সদর হাসপাতালের কার্যক্রম গতিশীল ও উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও বিশ্বব্যাংকের সহযোগিতায় নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করা অত্যন্ত জরুরি। কারণ, মাদারীপুরবাসী উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া হাসপাতালের জন্য কেনা মূল্যবান সব মেডিকেল সরঞ্জাম দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে। তা ছাড়া মাদারীপুর সদর হাসপাতাল হচ্ছে দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের চিকিৎসার স্থান। যেখানে তারা স্বল্পমূল্যে চিকিৎসা পেয়ে থাকেন। কিন্তু নতুন ভবনটি চালু হচ্ছে না বলে সবাই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রসঙ্গত, মাদারীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ভবনটির নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালে। যা নির্মাণে ব্যয় হয় ৩২ কোটি টাকা। কিন্তু এখনও ভবনটি চালু হয়নি।