জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৫:১৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪ ১৫:১৩ পিএম
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত এবং ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় কোটা আন্দোলনকারীরা শহরের মির্জা আজম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শেখেরভিটা রেলক্রসিংয়ে এসে রেললাইন অবরোধ করে। এতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আটকা পড়ে। প্রায় আধাঘণ্টা ট্রেন আটকে রাখার পর আন্দোলনকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে গেলে প্রথমে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। এ সময় অন্তত ১০ জন আহত হয়।
পরে আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রলীগের ৩০/৪০ জন নেতা-কর্মী কলেজের তৃতীয় তলায় একটি কক্ষে অবস্থান নেয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ সরকারি আশেক মাহমুদ কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টায় আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাস ছেড়েছে।