কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২৩:৫৯ পিএম
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীকে বিরুদ্ধে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতজনকে চার লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ১১০ বাড়িতে।
সোমবার (১৫ জুলাই) উপজেলার সফিপুর বোর্ডমিল এলাকায় তিতাসের চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, ওইএলাকায় অবৈধভাবে স্থাপিত ৩/৪ ইঞ্চি ব্যাসের ২৬০ ফুট ও ১/২ ইঞ্চি ব্যাসের ৮০ ফুটসহ মোট ৩৪০ ফুট অবৈধ তিতাস গ্যাসের পাইপ উত্তোলন করা হয়। এ সময় তিনটি পয়েন্টে প্রায় ১১০টি বাড়িতে অবৈধ ২৬০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করার দায়ে ১০টি রাইজার বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের চন্দ্রা জোনের ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।