চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২২:৫২ পিএম
তিন কেজি ৯০০ গ্রাম কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার কোকেনের বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা বলে তিনি জানান। আটক বিদেশি নাগরিকের নাম স্টালিয়া শান্টে। তিনি বাহামার নাগরিক বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্টালিয়া শান্টে ১৩ জুলাই ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই হয়ে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদ থাকায় স্টালিয়া শান্টে চট্টগ্রামে আসার পর থেকে এপিবিএন তাকে অনুসরণ করছিল। কিন্তু ব্যাগেজ না আসায় তাকে আটক করা যায়নি। সোমবার তার ব্যাগেজ আসলে সকাল ১০টায় তিনি লাগেজ নিতে শাহ আমানত বিমানবন্দরে আসেন। লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাকে আটক করে। পরে লাগেজে তল্লাশি করে কোকেন সদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন তিন দশমিক ৯০০ গ্রাম। লাগেজে একটি ইউপিএসের ভেতরে সেগুলো রাখা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘গত তিন দিন তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন। তার চট্টগ্রামে আসার কারণ সম্পর্কে জানা যায়নি। তিনি কী কারণে, কেন চট্টগ্রাম এসেছেনÑ এসব বিষয়ে এপিবিএন সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে কি না- জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সোমবার বিকাল ৬টা পর্যন্ত কোকেন উদ্ধারসংক্রান্ত কোনো মামলা দায়ের করা হয়নি।’