সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মোতালেব
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২২:০৪ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২২:১৪ পিএম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেছেন, তার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি উন্নয়ন করতে চান। তিনি বলেন, আপনাদেরকে ধৈর্যধারণ করে আমাকে সহযোগিতা করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। সকল প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সোমবার (১৫ জুলাই) সাতকানিয়ার চরতী ইউনিয়নের ১নং দ্বীপ চরতী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এম এ মোতালেব এমপি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক নির্বাচনে দুই উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই দুই উপজেলাবাসীর জন্য আমি উৎসর্গ করলাম। নির্বাচন পর্যন্তই দুটি পক্ষ ছিল এখন কোনো পক্ষ নেই। যে উন্নয়ন চরতীতে হবে, ঠিক একই উন্নয়ন চুনতীতে হবে, আমি সুষম উন্নয়নে বিশ্বাসী। কোনো এলাকার প্রতি আমি বিমাতাসুলভ আচরণ করব না।
চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন। চরতী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মালেক খান, সোহেল মো. মঞ্জুর, সাইফুল ইসলাম সুমন, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাছান মেম্বার, আবদুল হক, জসিম উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দীন, মোহাম্মদ আইয়াজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোকা তালুকদার প্রমুখ।