পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:৪২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২২:২৪ পিএম
বোদা থানা। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ে ৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ‘ধর্ষণের শিকার’ পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু। এঘটনায় মামলা হলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছে ওই শিশুর পরিবার।
মামলাসূত্রে জানা যায়, বোদার বড়শশী ইউনিয়নে ৯ জুলাই সকালে স্থানীয় মক্তবে আরবি পড়তে যাচ্ছিল ওই শিশু। পথে শুরু হয় বৃষ্টি। এ সময় শিশুটি উন্মুক্ত একটি দোকান ঘরে আশ্রয় নেয়। সেখানে কেউ না থাকার সুযোগে ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বিটুল (২৮) শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ হয়ে পড়ে শিশুটি। বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানায়। তারা তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। একই দিন ওই শিশুর বাবা বোদা থানায় ধর্ষণ মামলা করে।
এ বিষয়ে আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম বলেন, ‘মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা আমাদের জানায়। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে মেয়েটির ওপর বেশি নির্যাতন করায় সে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।’
এদিকে এক সপ্তাহ পার হলেও আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিশুটির মা বলেন, ‘আমরা কিছু চাই না। আমার মেয়ের সঙ্গে যে এমন পাশবিক কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমি মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না।’
মেয়ের বাবা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ করেছে বিটুল। আমি বিটুলের ফাঁসি চাই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’