পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:৪০ পিএম
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত শুরু করেছে এলাকাবাসী। সোমবার পাইকগাছার শিবসা নদীর পাড়ে সোলাদানা এলাকায়। প্রবা ফটো
খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত শুরু করেছে এলাকাবাসী। রবিবার (১৪ জুলাই থেকে তারা এ মেরামতের কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, উপজেলার সোলাদানা বাজার থেকে ভাঙ্গাহাড়িয়া পর্যন্ত ইটের রাস্তাটি রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ভোগ এড়াতে স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কার করছে এলাকাবাসী। প্রায় দেড়মাস পর স্থানীয়রা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে রাস্তাটি সংস্কার শুরু করে।
স্থানীয় রকি বিশ্বাস জানান, রেমালের তাণ্ডবে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা নিজেদের উদ্যোগে মেরামতের কাজে হাত দিয়েছি। সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, শিবসা নদীর পাশ দিয়ে চলে যাওয়া এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। তাই সংস্কার করা খুবই জরুরি। এ ব্যাপারে কারো কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর দাবির মুখে স্বেচ্ছাশ্রমে সংস্কারের পদক্ষেপ নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মাহেরা নাজনীন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মোটামুটি সংস্কারের কাজ করেছি। ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকাতেও কাজ করা হবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।