রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৩:৩১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৩:৫৩ পিএম
রাজবাড়ীতে শাটল ট্রেন লাইনচ্যুত। ছবি: সংগৃহীত
প্রায় সোয়া দুই ঘণ্টা পর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফকিরপাড়া পোড়াদহগামী শাটল ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নিজস্ব উপায়ে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটে ট্রেনটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এলে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এসে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা বলেন, পোড়াদহ গ্রামে শাটল ট্রেনটি গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনো যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়-ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।
তারা বলেন, মাঝে মধ্যেই এ এলাকায় ট্রেনের এমন দুর্ঘটনা ঘটে। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর বলেন, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। ৭ টা ৪০ মিনিটে ট্রেনটি গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এলো ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘লাইনচ্যুত বগিটি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।’
এ নিয়ে গত বছরের আগষ্ট ও অক্টোবরে দুই বার নকশিকাথা এবং আজ একইস্থানে আবারও লাইনচ্যুত হয় পোড়াদহগামী শাটল ট্রেন।