চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১২:০৯ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৫:৪৬ পিএম
৩ কেজি ৮০০ গ্রাম কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার কোকেনের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা। সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক বিদেশি নাগরিকের নাম সেলিয়া শান্তি। তিনি বাহামার নাগরিক বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সেলিয়া শান্তি ১৩ জুলাই ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই হয়ে চট্টগ্রাম আসেন। কিন্তু ওই দিন তার ব্যাগেজ না আসায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন। আজ তার ব্যাগেজ এলে তাতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম কোকেন পাওয়া যায়। এ ঘটনায় সেলিয়া শান্তিকে আটক করা হয়েছে। উদ্ধার কোকেনের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘সেলিয়া শান্তি চট্টগ্রামে আসার পর থেকে সন্দেহের তালিকায় ছিলেন। কিন্তু ব্যাগেজ না আসায় তাকে আটক করা যায়নি।’