কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১২:৫৬ পিএম
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত এপিবিএন সদস্য। প্রবা ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এতে এপিবিএনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৪ জুলাই) ভোরে উখিয়া উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধ মো. শাহরাজ (২৫) এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘রবিবার ভোরে উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এক পর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাইরে থেকে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. শাহরাজ নামের এপিবিএন পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়।’
এডিআইজি বলেন, ‘গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’