বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২১:১৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ২২:০৩ পিএম
পটুয়াখালীর বাউফলে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার চরকালাইয়া তারের পোল এলাকায় এসব ধ্বংস করা হয়।
কালাইয়া ইউনিয়নের চর ফেডারেশন, চর শৌলা ও চরকালাইয়া এলাকা থেকে ৫৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলেন। তিনি বলেন, ‘চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে অসাধু জেলেরা নদী, খাল ও বিলে মাছ শিকার করে থাকেন। এতে দেশীয় প্রজাতির ছোট মাছ, মাছের পোনা ও রেণু ধ্বংস হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে গ্রামগঞ্জের দেশীয় প্রজাতির মাছ। মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু মৎস্য সম্পদ নয়, জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। সরকার এসব জাল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য সম্পদের ক্ষতি করার দায়ে জাল জব্দ করে স্থানীয় গণ্যমান্য মানুষের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।’
কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ স ম কবিরুজ্জামান, ইউপি সদস্য মো. জালাল মোল্লা, সাবেক ইউপি সদস্য মো. সোহরাব মাতব্বর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার ও কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফার রহমান বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ধ্বংসে আমাদের নিয়মিত অভিযান চলছে। এসব অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামপুলিশ সদস্যরা যুক্ত হয়েছেন। তারা প্রশাসনকে সহযোগিতা করছেন।’