যশোর প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ২০:০৪ পিএম
পুলিশি হেফাজতে গ্রেপ্তার দুই প্রতারক। প্রবা ফটো
যশোরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায় চক্রটি। টাওয়ার স্থাপন প্রলোভনের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যশোর পুলিশের মুখপত্র গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটকরা হলো সাতক্ষীরা কলারোয়ার লোহাকুড়া গ্রামের রেজাউল করিম ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার রফিকুল ইসলাম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার জানান, আটকরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায়। দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিল। নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে। সর্বশেষ গতকাল বৃহষ্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়নগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। আগামীকাল তাদের আদালত হস্তান্তর করা হবে বলে জানান তিনি।