আত্মসাতের অভিযোগ
পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৮:০৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৮:২২ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির সাড়ে ১৮ লাখ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক।
এর আগে বুধবার বোদা উপজেলা কৃষি অফিসে অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম।
অভিযুক্ত সাবেক এই কৃষি কর্মকর্তা বর্তমান পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিস্ট হিসেবে কর্মরত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুদকের একটি দল ওই দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আল মামুন অর রশিদের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, ‘যতটুকু শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারী কৃষি কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারীই নাকি ক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছেন। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক বলেন, ‘সংগ্রহ করা রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’