চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৯:১৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৯:৩০ পিএম
সীমানা বিরোধের জের ধরে চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে বসতঘরে ভাঙচুর চালানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার কালু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্রান্ত মোখলেছুর রহমান সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক জীবন কৃষ্ণ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জিডিতে একটি সীমানা দেয়াল ও বসতঘর ভাঙচুরসহ প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্তরা হলেন, মোখলেছুর রহমানের প্রতিবেশী নজরুল ইসলাম, মনির আহমদ, বদিউল আলম ও মোহাম্মদ জাহাঙ্গীর।
জিডিতে মোখলেছুর রহমান উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে গত ২ মে অভিযুক্তের স্ত্রী, বাবা-মাসহ তাকে (মোখলেছুর রহমান) মারধর করে। এ ঘটনায় তিনি ৩ মে সাতকানিয়া থানায় প্রতিপক্ষের লোকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নজরুল ইসলাম ও বদিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত থেকে জামিনে বের হয়ে তারা মামলা তুলে নিতে হুমকিধমকি দেন। এ অবস্থায় মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে বিবাদীরা লোহার রড, হাতুড়ি নিয়ে এসে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ ছাড়া বিবাদীদের ছুড়ে মারা ইট পড়ে মোখলেছুর রহমান আঘাত পান।