চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২২:০৫ পিএম
সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি চেক প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে জামাল উদ্দিন বাদী হয়ে ৭ লাখ ৭০ হাজার টাকা, মহিউদ্দিন নামে আরেক ব্যক্তি পৃথক দুটি ৪ লাখ টাকার চেক প্রতারণা মামলা করেন।
তিনি বলেন, তিনটি মামলায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।