নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২২:২৫ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে কৃষক ইউছুফ (৫০) হত্যার ১১ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে হত্যা মামলার আসামি দুই ভাইকে ১০ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের আবদুস সাত্তার (৪৩) ও স্বপন (৩৩)।
জানা যায়, ২০১৩ সালের ১৮ জুন বিকালে নিহত ইউছুফের ভাই আবদুর রহিমের গরু প্রতিবেশী জাহেরের ধানক্ষেত নষ্ট করে। এতে জাহের বাছুরটি বেঁধে রাখেন। খবর পেয়ে রহিমের ছেলে মামুন বাছুর আনতে গেলে জাহের তাকে মেরে তাড়িয়ে দেন। এ ঘটনার পর আবদুর রহিম ওই বাড়িতে গেলে জাহের তাকেও মারধর করেন। এ সময় আবদুর রহিমের ভাই ইউছুফ ও বেলাল এলে তাদেরও মারধর করেন। আহত ইউছুফ চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে রাতের বেলা আনোয়ার হোসেন, আবদুল মান্নান, আবুল কাশেম, আবদুস সাত্তারসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন নিহত ইউছুফের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদ হোসেন কৈশোর বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট নই। মামলার প্রধান আসামিরা খালাস পেয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
নিহতের ভাতিজা মামুন বলেন, ‘এই মামলার প্রধান আসামিরা খালাস পেয়েছে। এই রায়ে আমরা মর্মাহত। আমার চাচার একমাত্র ছেলে মামলা চলাকালীন স্ট্রোক করে মারা গিয়েছেন। আমাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব।’