প্রতিদিনের বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর
সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২০:৩২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ২১:১৪ পিএম
সাত দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। সোমবার (৮ জুলাই) দুপুর থেকে এ অ্যাম্বুলেন্স সেবা চালু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস।
এদিকে অ্যাম্বুলেন্স সেবা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এর আগে তেলের টাকা বরাদ্দ না থাকায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে ১ জুলাই থেকে পেট্রোল পাম্প বাকিতে তেল দেওয়া বন্ধ করে দেয়। ফলে বন্ধ হয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এ নিয়ে গতকাল ‘তেলের অভাবে বন্ধ একমাত্র অ্যাম্বুলেন্সটি’ শিরোনামে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর মূলত হাসপাতাল কর্তৃপক্ষসহ সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ফেনীর সিভিল সার্জন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচনা করে গতকাল দুপুর থেকেই তেল সরবরাহ স্বাভাবিক করে অ্যাম্বুলেন্সটি চালু করেন।
মেসার্স সোনাগাজী ফিলিং স্টেশনের ম্যানেজার আলাউদ্দিন বলেন, ‘অ্যাম্বুলেন্সের তেলের ছয় মাসে প্রায় পাঁচ লাখ টাকা বাকি পড়েছে। জুন ক্লোজিংয়ে বরাদ্দ না দেওয়ায় বাকিতে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে মালিকপক্ষ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচলা করে মানবিক দিক বিবেচনায় বাকিতে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, ‘এক সপ্তাহ বন্ধ থাকার পর অ্যাম্বুলেন্স সেবা ফের চালু হয়েছে।’