নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৮:২৬ পিএম
ভারতকে রেল ট্রানজিট দেওয়া নিয়ে বিএনপির সমালোচনার জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘ট্রানজিট এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ বাড়ায়। বিশ্বায়নের যুগে একা থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। বঙ্গবন্ধুকন্যা গোলামী চুক্তি করেননি। বিএনপি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে।’
সোমবার (৮ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৪’ এর উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই ক্ষুধাকে জয় করতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ধান রোপন ও ধান কাটায় প্রযুক্তির ব্যবহার করতে হবে। ধান কাটার সময় শ্রমিক সংকট হয়। হাজার বারোশ টাকা দিলেও শ্রমিক মিলে না। মেশিনের মাধ্যমে সহজেই অল্প সময়ে অধিক জমির ফসল তোলা সম্ভব। কৃষক ধীরে ধীরে প্রযুক্তিগত সুবিধা নিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দিচ্ছে, কোনোটা বিনামূল্যে কোনোটা ভর্তুকি মূল্যে।’
সাধন চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সে কারণে চাষাবাদ বাড়াতে হবে। ঘরের আশপাশের জমিতেও মরিচ-পেঁয়াজ চাষ করলে পরিবারের খরচ কমবে। দেশের সামগ্রিক উৎপাদনে এটার গুরুত্ব আছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শিক্ষা উপবৃত্তি দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে-মেয়েদের পড়ালেখায় উৎসাহিত করছেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একই প্লাটফর্মে নিয়ে আসতে চান। সবার উন্নয়ন করতে চান। উন্নয়ন থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছেন তিনি।’
বর্তমান সরকার কৃষকবান্ধব উল্লেখ করে সাধন মজুমদার বলেন, চলমান বোরো সংগ্রহে সরকার চালের দাম এক টাকা বাড়িয়েছে কিন্তু ধানের দাম দুই টাকা বাড়িয়েছে। ভোক্তা ও কৃষকের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে বলে জানান তিনি।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।
পরে খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন।