রংপুর অফিস
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২২:৫৯ পিএম
শনিবার আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের এসএস ইনোভেশন ইনকর্পোরেশনের ফাউন্ডার, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডা. সুধীর শ্রীবাস্তব।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে রংপুরে রোবটিক সার্জারি নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারতের এসএস ইনোভেশন ইনকর্পোরেশনের ফাউন্ডার, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডা. সুধীর শ্রীবাস্তব।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাবেদ আখতারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের অধ্যাপক ডা. সর্দার এ. নাইমসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বক্তারা বলেন, ওপেন সার্জারির পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটা করে ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারির কিছু সীমাবদ্ধতা রয়েছে। রোবটিক সার্জারিতে অপারেশনের স্থান ভাল ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।
সেমিনারে জানানো হয়, সার্জারীতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে আর বাকি দেশগুলোতে ব্যবহার হয় মাত্র ৭ ভাগ। এর মধ্যে ভারতে প্রায় দেড়শ রোবট রয়েছে। এমনকি নেপালেও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোন রোবট নেই। রোবটের মাধ্যমে সার্জারিতে খরচ বেশি হলেও ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারী ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হয়। এতে অস্ত্রপ্রচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে।
দেশে রোবটিক সার্জারি চালু করতে প্রশিক্ষণ ও মান্ত্রা থ্রি নামক আধুনিক রোবট বিক্রিতে এগিয়ে এসেছে এসএস ইনোভেশন ইনকর্পোরেশন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত এ সেমিনারে গাইনি, সার্জারি, ইউরোলজিসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।