রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২০:১৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২১:০১ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রবা ফটো
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ সব ক্ষেত্রে এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে; অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’
রবিবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, ‘তারাব পৌরসভা উন্নয়নের রোল মডেলে পরিণত হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি তারাব পৌরসভা একসময় দেশের মডেল পৌরসভা হিসেবে গণ্য হবে। দেশের উন্নত সিটি করপোরেশনের নাগরিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে; তারাব পৌরসভার নাগরিকরা সে ধরনের সুযোগ-সুবিধা পাবে। এ পৌরসভায় প্রধান সমস্যা ছিল জলাবদ্ধতা। যার জন্য দায়ী অসচেতন বাসিন্দারা। ড্রেনে ময়লা ফেলা বন্ধ করলে জলাবদ্ধতা থাকবে না। মশা-মাছির উপদ্রব থেকে বাঁচতে পরিচ্ছন্ন নাগরিকের প্রয়োজন। তবে এ পৌরসভা সারা দেশে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এ উন্নয়ন অব্যাহত থাকবে।’
তারাব পৌরসভা কার্যালয়ের হাছিনা গাজী পৌর অডিটোরিয়ামে তারাব পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১৭৩ কোটি ১৫ লাখ ২ হাজার ১০৫ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেটের আয় ধরা হয়েছে, ১৭৩ কোটি ১৫ লাখ ২ হাজার ১০৫ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। সমাপ্তি জের (উদ্বৃত্ত) ধরা হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ১০৫ টাকা।
তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘এবারের বাজেটে তারাব পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছর হবে তারাব পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। এ অর্থবছর হবে উন্নয়নের বছর, অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাব পৌরসভা ইনশাল্লাহ ‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।