× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৮:১১ পিএম

রবিবার সকালে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে  ভুক্তভোগী এলাকাবাসী। প্রবা ফটো

রবিবার সকালে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে ভুক্তভোগী এলাকাবাসী। প্রবা ফটো

যশোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা। 

রবিবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

ভুক্তভোগীদের একজন বাদশা মিয়া জানান, একটু বৃষ্টি হলেই যশোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর, টিবি ক্লিনিকসহ অধিকাংশ রাস্তায় হাঁটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। তার অভিযোগ এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে করা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। গত কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। এলাকার মানুষের ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজারো মানুষ পানিবন্দি। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না।

আরেক ভুক্তভোগী শামসুল আলম জানান, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয় তাদের। গত তিন দিন ধরে পানিবন্দি হয়ে আছেন তারা। নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নিরুপায় হয়ে সমস্যা সমাধানে রাস্তায় নেমে এসেছেন। অবিলম্বে তারা পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী (পয়ো ও পানিনিষ্কাশন) এস এম কামাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা শহরে পয়ো প্রণালি রক্ষণাবেক্ষণে সর্বদা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ড্রেনগুলোতে পলিথিন ও আবর্জনা জমায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ড্রেনগুলো প্রতিনিয়তই পরিষ্কার করা হয়। তবে শনিবার যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশির ভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছিল। তবে সেই জলাবদ্ধতা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটি নিয়ে আন্দোলন করার কিছুই নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা