ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৬:০১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৬:৫০ পিএম
শনিবার নাগরভিটা সীমান্তের শূন্যরেখায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়। প্রবা ফটো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাত ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের শূন্যরেখায় ভারতের গোয়ালপুকুর থানার উপপরিদর্শক মোস্তফা বালিয়াডাঙ্গী থানাপুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।
নিহত রাজু মিয়া (২০) বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।
মরদেহ হস্তান্তরের সময় সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত রাজু মিয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘নিহত রাজুর মরদেহ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজুসহ কয়েকজন মিলে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিট সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় রাজু।