× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ‘বিরিয়ানি’ খেয়ে অসুস্থ দুই শতাধিক মানুষ, রেস্তোরাঁ মালিক আটক

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:৪২ পিএম

অসুস্থ ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

অসুস্থ ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

সাতক্ষীরার কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে’ একই গ্রামের দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৬ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে আফতাব উদ্দিন মেম্বারের দোকানে একটি ফিড কোম্পানির সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সেখানে উপস্থিত ১৫০ জনকে কলারোয়ার নওয়াব বিরিয়ানি রেস্তোরাঁ থেকে নিয়ে আসা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। বেশিরভাগ মানুষ সেই বিরিয়ানি বাড়িতে নিয়ে যায়। পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর বিকাল থেকে অসুস্থ হতে শুরু করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি আছে। বাকি রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারা সবাই ওই সেমিনার থেকে পাওয়া বিরিয়ানি খেয়েছে বলে জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোগীর চাপে হাসপাতালের স্টকে থাকা স্যালাইন শেষ হয়ে গেছে। আশপাশের দোকানগুলোতেও স্যালাইন পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযুক্ত নওয়াব বিরিয়ানি রেস্তোরাঁর মালিক রবিউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা