× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার সারিয়াকান্দিতে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:০৪ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৫:২৪ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানি প্রবেশ করায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানি প্রবেশ করায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানি প্রবেশ করায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান, সারিয়াকান্দিতে যমুনার পানিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে এবং পানি প্রবেশ করেছে। এ রকম ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৪০টি এবং বাকি পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়। বন্যা পরিস্থিতির উন্নতি হলে আবারও পাঠদান শুরু হবে। 

এদিকে বগুড়ায় টানা কয়েক দিন বৃদ্ধির পর কমতে শুরু করেছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি কমেছে। ফলে এখন বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার দুপুর ১২টায় এ তথ্য জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। 

দুপুর ১২টায় দেওয়া আপডেটে জানানো হয়, যমুনা নদীর বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ২৫ মিটার থেকে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ দশমিক ৮৪ মিটার অর্থ্যাৎ বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রবিবার দুপুর ১২টা পর্যন্ত ৪ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিতে ডুবেছে চরের নিম্নাঞ্চলের বসতবাড়ি, তলিয়ে গেছে বিস্তর ফসলের ক্ষেত। চরাঞ্চলে বেশ কিছু সড়ক ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে যমুনার পানি। নদীতীর ও বাঁধের মাঝে বসতবাড়িতে পানি প্রবেশ করায় বাড়িঘর সরিয়ে নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। এর মধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  

বগুড়ায় যমুনার পানি বাড়তে শুরু করে গত সপ্তাহ থেকেই। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত বুধবার রাতে যমুনা বিপদসীমা অতিক্রম করেছে।  পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি, সোনাতলা উপজেলার ১৭টি ইউনিয়নের চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের নিচু গ্রামগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে ২০ হাজারেরও বেশি পরিবারের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি। তিন উপজেলার ১৩৫৬ হেক্টর জমির পাট, রোপা আমনের বীজতলা, সবজিক্ষেত পানিতে ডুবে গেছে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আলহাজ নাজমুল হক জানান, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনার পানি রবিবার সকালে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির কারণে এসব উপজেলার চরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি, কামালপুর, হাটশেরপুর, ফুলবাড়ি ও চালুয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের নিচু জায়গা ও ফসলি জমি তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানি বৃদ্ধি পেলেও যমুনা তীরের ৪৫ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এখনও কোনো ঝুঁকি দেখা দেয়নি। যমুনার ৬টি পয়েন্টে নদীভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ইছামারা অংশে ভাঙন প্রবল। সেখানে নদী থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দূরত্ব মাত্র ৩০০ মিটার। ঝুঁকিপূর্ণ ওই এলাকা রক্ষায় কাজ করা হচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমান জানান, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সারিয়াকান্দিতে ৫৬০ হেক্টর এবং সোনাতলা উপজেলায় ২৬১ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এসব জমিতে পাট, ভুট্টা ও সবজি চাষ করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা