গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২১:৩৭ পিএম
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে ‘সংবিধানবিরোধী’ মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারি চাকরিতে কোটা ইস্যুতে স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন ধ্বংস করা হচ্ছে।’
শনিবার (৬ জুলাই) দুপুরে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘কোটা ব্যবস্থা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বড় বাধা। বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে।’
সরকার সংবিধান সংশোধন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘এ দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতাযুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান। সেখানে সুযোগ-সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। এ কথা যেন আমরা ভুলে না যাই।’
‘আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য’
সম্মেলনে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে দুর্নীতি আর দুর্নীতি। এ জন্য আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য। আজ যদি কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ ৪০টার বেশি সিট পাবে না।’
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুছ ছাত্তার মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন কালিয়াকৈর পৌর সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্র সমাজের সভাপতি শহীদুল ইসলাম শান্ত, ছাত্রসমাজ নেতা বাদশাহ আবদুল্লা প্রমুখ।