সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৯:৩৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২০:৪৫ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে সার্কাসের হাতি দিয়ে মহাসড়কে মানুষ ও যানবাহন আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। চলন্ত ট্রাক, ভটভটি, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ে অতিষ্ঠ দোকানদার, পথচারী ও যানবাহনের যাত্রীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা গেছে, সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ী মোড়, সাব-রেজিস্ট্রার অফিস এলাকা, সালমা খাতুন মহিলা কলেজ, আরামনগর বাজার, সরিষাবাড়ী পৌরসভার কার্যালয়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদের সামনের মহাসড়কে যানবাহন আটকিয়ে ও মহাসড়কের পাশের দোকানগুলোতে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিচ্ছে। বিনিময়ে টাকা নিয়ে হাতি তার পিঠে বসে থাকা মাহুতের কাছে জমা দিচ্ছে। টাকা না দিলে পথরোধ করে দাঁড়িয়ে থাকে হাতিটি। চাঁদা আদায়ের কবলে পড়ছেন স্কুল শিক্ষার্থী, দোকান ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার। কম টাকা দিলে না নেওয়ার অভিযোগ মাহুতের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, সড়কের পথ আটকে রেখে ২০ টাকা থেকে ৫০ টাকা চাঁদা তুলছে হাতি। টাকা না দিলে হাতি পথ আটকে ধরে রাখে। এত মস্ত বড় হাতি পথ আটকে দাঁড়ালে শিশুসহ, নারী-পুরুষ সবাই ভয় পায়। এক রকম বাধ্য হয়ে আর ভয় পেয়েই হাতিকে টাকা দিচ্ছেন তারা। প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
স্থানীয় এক চায়ের দোকানদার মঞ্জু মিয়া। তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার দোকানের সামনে হাতি এসে দাঁড়াল তখন হাতি দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি প্রথমে টাকা দিতে রাজি হয়নি। কিন্তু হাতি কেমন যেন একটু তেড়ে আসার মতো আচরণ করল তখন আমি ভয় পেয়ে তাকে টাকা দিয়েছি।’
স্কুল শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমার কাছ থেকে হাতি ২০ টাকা নিয়েছে। ওই টাকা আমার গাড়িভাড়া ছিল। এখন আমি গাড়ি ভাড়া দিতে পারব না। খুব খারাপ লাগছে। এ ধরনের হাতি দিয়ে রাস্তায় টাকা তোলা বন্ধ করা প্রয়োজন।’
এ বিষয়ে হাতির মাহুতের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি জামালপুর বাণিজ্য মেলা থেকে এসেছি। জোর করে বা ভয় দেখিয়ে টাকা আদায় করছি না। মানুষ শখের বসে আমাকে টাকা দিচ্ছে। এরপর তার নাম জানতে চাইলেন তিনি আর কোনো কথা বলেননি।’
মাদারগঞ্জ উপজেলা ফরেস্টার (অতিরিক্ত দায়িত্ব সরিষাবাড়ী) সরোয়ার জাহান বলেন, ‘আমি মাদারগঞ্জে বসি। বিষয়টি যদি উপজেলা নিবার্হী অফিসারকে আপনি আমার হয়ে বলেন তাহলে তিনি সমাধান করবেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইউএনও।’
সরিষাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শারমিন আক্তার বলেন, ‘থানায় কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবরে পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে গিয়ে ওই মাহুতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওই মাহুত আর এরকম কারও থেকে টাকা নেবে না বলে প্রতিশ্রুতি দিলে তাকে হাতিসহ ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে, কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় শুঁড় দিয়ে পেঁচিয়ে এক ফার্মেসি মালিককে আছাড় দেয় হাতি। মঙ্গলবার (২ জুলাই) বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিজের মালিকানাধীন ওষুধের দোকানে হাতির আক্রমণের শিকার হন তিনি।