নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৬:১৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৮:০৯ পিএম
শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত হটস্পটগুলোর মধ্যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে নওগাঁ জেলা অন্যতম বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে উল্লেখ করে কর্মশালায় মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকায় খরার প্রকোপ ক্রমাগত বাড়ছে। ফলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, কৃষিজমির জন্য পানি হ্রাস পাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য সেঁচ ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে, বৃক্ষরোপণ, নদী ও খাল পুনঃখনন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, ইত্যাদি অন্যতম। এই প্রকল্প ও উদ্যোগগুলোকে সঠিক ভাবে বাস্তবায়ন করার প্রতি তিনি সবার প্রতি আহ্বান জানান।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পিকেএসএফের সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ ছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী ১৮টি সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।