মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৫:৪৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৮:১৯ পিএম
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনার প্রতিশোধ নিতে কুপিয়ে এক ব্যবসায়ীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত বিপ্লব মৃধা উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে। বসুন্ধরা কোম্পানির স্থানীয় ডিলার তিনি। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের বিরোধ রয়েছে। এরই জেরে সম্প্রতি বিপ্লব মৃধার লোকজনের বিরুদ্ধে আকাশ খানকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সামনে একা পেয়ে আকাশ খানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বিপ্লবকে কুপিয়ে জখম করে। কোপে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিপ্লবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বিল্পব মৃধার স্ত্রী লাবণ্য আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আকাশ খান ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আকাশ খানের ব্যবহৃত নম্বরে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি দা ও একটা ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে।