আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ০১:১৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১০:৫৩ এএম
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মেয়র আক্কাস আলী ঢাকায় আত্মগোপনে আছেনÑ এমন তথ্যের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালানো হয়। পরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয় মজনু ও আব্দুর রহমানসহ তিনজন। আর গত বুধবার গ্রেপ্তার করা হয় স্বপন নামে একজনকে। গ্রেপ্তার এ চারজনকে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে হত্যা মামলার ৫ আসামিকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো।
ডিবি সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা আশরাফুল হত্যার ঘটনা বেশ আলোচিত। হত্যা মামলার আসামি মেয়র আক্কাসসহ ৫ জন ঢাকায় আত্মগোপন করেন। তারা চেষ্টা করেছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। তার আগেই ৫ জনকে গ্রেপ্তার করা হলো।
গত ২২ জুন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বাঘা উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টার সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিপেটা করে।
সংঘর্ষে আশরাফুল ইসলামের মাথা ফেটে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংঘর্ষের পর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। এরপর থেকে আক্কাছ আলী ঢাকায় এসে আত্মগোপন করেন।