ভোলা সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২২:২৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২২:২৫ পিএম
নিজেদের জমিজমা না থাকায় মৃত মায়ের কবর দিয়েছেন বসতঘরের বারান্দায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন গ্রামের সর্দার বাড়িতে ঘটে।
মৃত জবেদা খাতুনের বড় ছেলে বলেন, তার বাবার কবর চাচার জমিতে দেওয়ায় মৃত বাবার কবর নিয়ে অনেক কটূক্তির করেন চাচার পরিবারের সদস্যরা। তাই বাধ্য হয়ে মায়ের কবর বসতঘরের বারান্দায় দিয়েছেন তিনি।
জবেদা খাতুনের বড় ছেলে মো. রফিজল ইসলাম জানান, তারা দুই ভাই ও দুই বোন। তার বাবা জীবিত থাকা অবস্থায় বোনদের বিয়ে বিয়েছেন। তিনি ঢাকায় রিকশা চালান ও তার ছোট ভাই অসুস্থ আজিজল ইসলাম দিনমজুরের কাজ করেন। বসতঘর ছাড়া তাদের ওই বাড়িতে জমি নেই। কয়েক বছর আগে তাদের বাবা আবদুল রশিদ মারা গেলে চাচার জমিতে কবর দেন।
গত ২ জুলাই সন্ধ্যার দিকে বার্ধক্যজনিত রোগে মারা যান জবেদা খাতুন। পরে চাচা ও চাচাতো ভাইরা তাদের জমিতে কবর দিতে না বলায় ও তাদের মৃত মাকে এক নজর দেখতে না আসায় অভিমানে ৩ জুলাই সকালে বসতঘরের বারান্দায় মায়ের কবর দেন ছেলেরা।
মৃত জবেদা খাতুনের দেবর মো. খোরশেদ আলম জানান, তার ভাইয়ের সন্তানরা তার কথা শুনে না তাই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, তিনি জবেদা খাতুনের পরিবাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পববর্তী সময়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে পুলিশ তাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।