আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২২:৩৯ পিএম
সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঁদা দাবির মামলায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া জেলহাজতে। শুক্রবার (৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টনকী গ্রামের মৃত আমির উল্লাহ ভূঁইয়ার ছেলে মো. মুজিবুর রহমান শাহীন বাদী হয়ে কামাল ভূঁইয়াসহ ছয়জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন। আখাউড়া থানার ওসি মো. মহিউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান শাহীন চাকরির সুবাদে বেশ কয়েক বছর সপরিবারে ঢাকায় থাকতেন। এ সুযোগে সাবেক ইউপি চেয়ারম্যান কামালসহ অন্য বিবাদীরা মুজিবুর রহমান ও তার ভাইদের কয়েক শতক ভূমি-পুকুর দখল করে নেয়। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি মুজিবুর রহমান নিজ বাড়িতে এসে বসবাস শুরু করেছেন। বিবাদীদের দখলকৃত ভূমি ছেড়ে দিতে বলায় মুজিবুর রহমান শাহীনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। গত বৃহস্পতিবার বিকালে শাহীন বিরোধপূর্ণ ভূমি দেখাশোনা করতে গেলে খবর পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল ভূঁইয়াসহ অভিযুক্তরা এসে তার ওপর হামলা ও মারধর করে। পরে শাহীনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় শাহীন জায়গা ফেরত নিতে হলে কামাল ভূঁইয়াকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে অভিযোগ করা হয়।