‘প্রতিদিনের বাংলাদেশ’- এ সংবাদ প্রকাশের পর
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৭:১৪ পিএম
সংবাদ প্রকাশের পরপরই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন। প্রবা ফটো
প্রায় এক যুগ ধরে খুলনার পাইকগাছার বাইনতলা বাজারের সড়কটির স্লুইসগেট সংস্কারের জন্য রাস্তা খুঁড়ে রাখা হয়। যার ফলে সেখানে বসবাস করা মানুষদের দুর্ভোগের শেষ ছিল না। গত শুক্রবার দৈনিক প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের নজরে আসে। পরে তিনি নিজ উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দেন এবং স্লুইসগেট সংস্কারের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্লুইসগেট সংস্কারের জন্য রাস্তা খুঁড়ে রাখায় জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছিল। উপজেলার লস্কর ইউনিয়নে আলমতলা টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। বাজারের পাশে প্রধান সড়কের ওপর সরকারি স্লুইসগেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।
স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান, স্লুইসগেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ কারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেওয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় এক যুগেরও বেশি সময়। দিন যায়, মাস যায়, প্রায় বছরও গেছে ১২টি। কিন্তু গেট বা সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষাকালে যেমন প্রায় হাঁটু কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচণ্ড ধুলোবালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছিল। নির্দিষ্ট গেট বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি অতিবৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা। যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ি ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হতো।’
এ ব্যাপারে গত শুক্রবার প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে জনভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হয় লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের। অতঃপর একই দিনে তিনি ইট খোয়া দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দিয়ে জনভোগান্তি লাঘব করেছেন।
এ সময় তিনি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দ্রুত স্লুইসগেট সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।