চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৮:০৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৮:৫০ পিএম
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়। প্রবা ফটো
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আলিম উদ্দিনের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
নিমপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল থেকে নিমপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের হাবিবপুর এলাকায় ৩৫০ ফিট ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা নির্মাণে খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার টাকা। রাস্তাটির নির্মাণকাজ করছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলিম উদ্দিন।
গত মঙ্গলবার সরেজমিন হাবিবপুর নতুন পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, নিম্নমানের নতুন ইট এনে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। কিছু নিম্নমানের ইট ফাঁকা ফাঁকা করে রাস্তায় বসানো হয়েছে। ফাঁকা জায়গাগুলোতে ভাঙা পুরোনো ইট দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী দেখে বোঝার উপায় নেই নতুন রাস্তা নির্মাণ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, ‘রাস্তাটি নির্মাণে যে ইট ব্যবহার করা হচ্ছে, এত বাজে ইট দিয়ে কোনো কাজ কখনও করতে দেখিনি। একই জায়গায় আগে প্রায় দেড়শ ফুট কাজ করা হয়েছে তিন মাস না যেতেই সে রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা বাধা দিতে গেলে হামলা মামলা দিয়ে নাজেহাল করার ভয় দেখায়। এজন্য ভয়ে স্থানীয়রা কেউ বাধা দিতেও পারছি না।’
ইউপি সদস্য আলিম উদ্দিন বলেন, ‘কিছু পুরোনো বাজে ইট ব্যবহার করা হয়েছে সেগুলো তুলে ফেলা হবে। নতুন দুই নম্বর ইট ব্যবহার করা হবে। সব রাস্তাতেই এরকম দুই নম্বর নতুন ইট ব্যবহার হয়েছে। আমিও সেটাই করব।’ এই বাজেটে এক নম্বর ইট দেওয়া সম্ভব না বলে জানান তিনি।
নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সব রাস্তাতে দুই নম্বর ইট ব্যবহার হয়েছে কথাটা ঠিক না। স্থানীয়দের অভিযোগ পেয়ে ওই ইউপি সদস্যকে পুরোনো ইট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কাজ শেষ না করলে ওই রাস্তার বিল দেওয়া হবে না।’