ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১২:২১ পিএম
ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ২টার দিকে উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫ এস থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁওয়ে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের মো. হবিবরের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাত ১টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভরতে প্রবেশ করেন রাজু। গরু চোরাকারবারি সন্দেহে বিএসএফ গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, গতকাল রাতে এক বাংলাদেশি নিহত হয়। দুপুর ২টার দিকে পতাকা বৈঠকের জন্য আমরা তাদের (বিএসএফ) আহ্বান জানিয়েছি। তারপর মরদেহ ফেরত দেওয়া হবে।