মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম
প্রতিযোগিতা শেষে বিজয়ীতের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবা ফটো
দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লেগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, কিশোরগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী ঋতেশ বড়ুয়া, শিক্ষাবিদ খালেদা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল প্রমুখ।
প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন ভূইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়তে হবে। প্রত্যেক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই সোনার বাংলা গঠন করা সহজ হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নীতি নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।