× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৫:২২ পিএম

উখিয়ায় আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার হাফেজ কামালসহ দুই সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

বুধবার (৩ জুলাই) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

আটকরা হলেন উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের বাসিন্দা নজির আহম্মদের ছেলে হাফেজ কামাল, একই ক্যাম্পের ডি-৩ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে আনসার উল্লাহ এবং ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮-ব্লকের বাসিন্দা বলী আমিনের ছেলে মো. সাইফুল ইসলাম। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আটক তিনজনই মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তাদের মধ্যে হাফেজ কামাল সংগঠনটির ক্যাম্প ভিত্তিক জোন কমান্ডারের পাশাপাশি কিলিংগ্রুপের কমান্ডার হিসেবে নিয়োজিত রয়েছেন।

র‍্যাব অধিনায়ক বলেন, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরস্পর প্রতিদ্বন্দ্বী কয়েকটি সন্ত্রাসী সংগঠন অপতৎপরতা শুরু করেছে। এতে কয়েকটি খুনের ঘটনার পাশাপাশি ক্যাম্পে আধিপত্য বিস্তারে সন্ত্রাসী সংগঠনগুলো পরস্পর সংঘর্ষেও লিপ্ত হয়। এর প্রেক্ষিতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীও গোয়েন্দা নজরদারিসহ তৎপরতা বৃদ্ধি করে। এরই মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছতলা এলাকায় আরসা কমান্ডার হাফেজ কামালের সহযোগী মোহাম্মদ সাইফুল অবস্থান করার খবর পাওয়া যায়। পরে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে আটক সাইফুল জিজ্ঞাসাবাদে র‍্যাবকে তথ্য দেয়- আরসার কিলিংগ্রুপ কমান্ডার হাফেজ কামাল কয়েকজন সহযোগীসহ মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় আরেকটি দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে হাফেজ কামালসহ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল, দেশীয় তৈরি একটি বন্দুক ও সাতটি গুলি পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন দাবি করেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরসার সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তারা ক্যাম্পে আধিপত্য বিস্তারে খুন ও অপহরণসহ নানা অপরাধে জড়িত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা