বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১০:৩৭ এএম
বরগুনার পায়রা নদীর ছোনবুনিয়ার চরে ভেসে আসে একটি মৃত তিমি। প্রবা ফটো
বরগুনার পায়রা নদীর ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া তিমির মাথাহীন মরদেহ। মৃত তিমি ভেসে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত সোমবার বিকালে তিমিটি ভেসে আসে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে অব্যাহত বৃষ্টি ও যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে তিমিটি মাটিচাপা দিতে দেরি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার জেলা বনরক্ষা বিভাগ ছোনবুনিয়ার চরে তিমিটিকে মাটিচাপা দেয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে মাথাবিহীন অর্ধগলিত তিমির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বন বিভাগ সূত্রে জানা গেছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক দ্রব্য খাওয়ায় মারা পড়েছে তিমিটি।
বালিয়াতলী ইউপি সদস্য ইউনুস মৃধা বলেন, ‘জোয়ারে মৃত তিমিটি ভেসে আসে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
ওয়াটার কিপার্স বরগুনা জেলার সমন্বয়ক ও পরিবেশকর্মী মুসফিক আরিফ বলেন, ‘ধারণা করা যায়, এটা কুঁজো তিমি যা বালিন তিমির একটি প্রজাতি। প্রবল জোয়ারে এসে ভাটায় অনেক সময় আটকে যায়। এ কারণে মারা যেতে পারে।’
বরগুনা সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি সোমবার মাটিচাপা দিতে পারিনি। আজ (গতকাল) দুপুরে মাটিচাপা দেওয়া হয়েছে।’
বরগুনার জেলা বনরক্ষা কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, ‘এ ধরনের তিমি ভেসে আসা স্বাভাবিক ঘটনা নয়। কীভাবে তিমিটি মারা গিয়েছে সে বিষয়ে যথাযথ অনুসন্ধান করব। তিমিটি অপসারণেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ‘ছোনবুনিয়ার চরে অর্ধগলিত তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, তাই দ্রুত এটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’