ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২২:৫৯ পিএম
নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমান। ছবি : কোলাজ প্রবা
ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ৬ মাস বয়সী এক কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে ওই শিশুর মা স্বপ্না বেগম। সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার (৩০ জুন) দিনগত রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে এদিন থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি সন্দেহ হলে শিশুটির মাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বপ্না বেগম হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
স্বপ্না বেগম জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেওয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি বাড়ির পাশের খালে রেখে আসেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক বাবা ও মা শিশুটিকে হত্যা ও মরদেহ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।