× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতার হাড্ডি ভাঙতে চাইলেন সাবেক এমপি মোস্তাফিজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২২:১৫ পিএম

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল গফুরের হাড়গোর ভেঙে ফেলার হুমকি দিয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

গত রবিবার (৩০ জুন) সন্ধ্যায় মুঠোফোনে হুমকি দিয়ে গালিগালাজ করা হয় বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন আবদুল গফুর। যার একটি অডিও রেকর্ড মঙ্গলবার (২ জুলাই) সকালে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত শনিবার (২৯ জুন) উপজেলা সদরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় দেওয়া বক্তব্যে আবদুল গফুর অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের নামে সাবেক সংসদ সদস্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে চাঁদা নিয়েছেন। ভাইরাল হওয়া কল রেকর্ডে ওই বক্তব্যের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

এক মিনিটের বেশি এই কথোপকথনে মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদককে উদ্দেশ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘কাল (২৯ জুন) এগুলো কী বলেছিস? আমি কার থেকে চাঁদা নিয়েছি পার্টি অফিস বানানোর জন্য?’ জবাবে গফুর বলেন, ‘ওগুলো তো চেয়ারম্যানরা বলছেন।’ এসময় উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করেন মোস্তাফিজুর। তিনি গফুরকে জিজ্ঞেস করেন, ‘চেয়ারম্যানরা বলছে, আমার কাছ থেকে জিজ্ঞেস করবি না, প্রমাণ দে না।’ গফুর আবারও বলেন, ‘চেয়ারম্যানরা সবাই বলছেন তো। তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আমি এত দিন আপনাকে বলিনি।’

অভিযোগের প্রামণ দেওয়ার কথা বলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নইলে তোকে এসে হাড্ডি (হাড়) ভেঙে ফেলব আমি।’ গফুর আবার বলেন, ‘চেয়ারম্যানরা সবাই এখন বলছেন তো।’ তখন মোস্তাফিজুর রহমান উত্তেজিত হয়ে আবার গালিগালাজ শুরু করেন। তিনি বলেন, ‘যে বলেছে তাকে আমার সামনে নিয়ে আয়। চাঁদা নিয়েছি এটা প্রমাণ দিতে হবে।’ একপর্যায়ে মোস্তাফিজুর বলেন, ‘তুই এখনো আমাকে চিনস নাই। আমি এলে তোর হাড় গুঁড়ো করে ফেলব।’

এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি পৌর সদরে নির্মাণ করা হয়। একাদশ সংসদ নির্বাচনের পর এই কার্যালয় নির্মাণ শুরু হয়। ২০২৩ সালের ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওই কার্যালয় উদ্বোধন করেন। সেই সময় প্রধানমন্ত্রীকে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপনি দুইবার মনোনয়ন দিয়েছেন বলে আমি দুইবার এমপি হয়েছি। আমি এমপি হয়ে আপনার মাধ্যমে বাঁশখালীতে ব্যাপক উন্নয়ন করেছি। আমি এখনো পর্যন্ত নিজের বাড়ি করিনি। কিন্তু আমি নিজস্ব অর্থায়ণে দলীয় কার্যালয় নির্মাণ করেছি।’

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে। নির্বাচনের আগে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে সমালোচিত হন তিনি। নির্বাচনের সময় বাঁশখালী থানা কার্যালয়ে হাজির হয়ে মোস্তাফিজুর ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদের দিকে তেড়ে যান। এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এর আগে প্রথম মেয়াদে সংসদ সদস্য থাকার সময় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও কটূক্তি করেন। তখনও গাড়িতে বসে করা কটূক্তির ভিডিও ভাইরাল হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা