টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৫:০২ পিএম
শাহজামাল। ফাইল ফটো
টাঙ্গাইলের ভূঞাপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপালন করার সময় ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন তিনি। কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির হিসাববিজ্ঞান পরীক্ষার সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হন।
মৃত শিক্ষকের নাম শাহজামাল। তিনি ভূঞাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মনিরুজ্জামান বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘দায়িত্ব পালনের সময় ওই কর্মকর্তা হঠাৎ উঠে গিয়ে নিজেই মাথায় পানি দেন। এরপর আর তার জ্ঞান ছিল না। এমন সময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ ইশরাত জাহান চিকিৎসকের বরাতে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।’