খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৩:২২ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৩:২৪ পিএম
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও চট্টগ্রাম যাতাযাতকারী যাত্রীরা।
মঙ্গলবার (২ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে সড়ক থেকে পাহাড়ধসের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। সড়কের ওপর মাটি জমে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা আটকা পড়েন। ভোগান্তিতে পড়েন ঢাকা ও চট্টগ্রাম যাতাযাতকারী যাত্রীরা। সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা থেকে রাতের গাড়িতে আসা মল্লিকা চাকমা বলেন, ‘ভোর থেকে গাড়িতে আছি। সকাল ৭টার দিকেও কেউ মাটি সরাতে আসেনি। খুব ক্লান্ত লাগছে।’
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, সাপমারা এলাকায় সড়কের মাটি সরানো হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আলুটিলা সড়কের আরও কিছু স্থানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। খাগড়াছড়িতে বৃষ্টি চলমান। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত তলিয়ে যাওয়া সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না। এছাড়া অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বসতবাড়িতেও প্রবেশ করছে পানি।