রাজশাহী অফিস
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ১৬:৫৪ পিএম
রবিবার দুপুরে কারাগার থেকে বেরিয়েই নিজ গ্রাম চারঘাটের উদ্দেশে রওনা করেন আবু সাঈদ চাঁদ। প্রবা ফটো
গ্রেপ্তারের ১৩ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
রবিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়েই কারা ফটকে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও স্বজনদের নিয়ে নিজ গ্রাম চারঘাটের উদ্দেশে রওনা দেন তিনি।
এদিকে আবু সাঈদের স্ত্রী শাহানা বেগম শনিবার দুপুরে মারা যান। রবিবার বিকালে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৪ মার্চ আবু সাঈদের মা আশরাফুন্নেশা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির এই নেতা।
গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে আবু সাঈদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়। ২৫ মে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
আবু সাঈদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জানান, আবু সাঈদের বিরুদ্ধে মোট ২১টি মামলা হয়েছিল। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে। সর্বশেষ ঈদের আগে ফরিদপুরে দায়ের করা একটি মামলায় তার জামিন হয়। এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন।
তিনি জানান, রবিবার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।