চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২৩:০৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ২৩:১৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখেন রোগীর স্বজন ও স্থানীয়রা। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের মহানন্দা স্পেশালাইজড হসপিটালে এ ঘটনা ঘটে। মৃত তামিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা মহল্লার রুবেল আলীর স্ত্রী।
পরিবারের লোকজনের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে প্রসবব্যথা নিয়ে মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা। ১০টার দিকে অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। বিকালে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং একপর্যায়ে তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামিমাকে। রাজশাহী নেওয়ার পথেই মারা যায় তামিমা। সন্ধ্যার দিকে তামিমার স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তামিমার ভাবি শামীমা খাতুন বলেন, আমরা টাকা দিয়ে চিকিৎসাসেবা নিতে এসেছি। আমরা কসাইখানায় আসিনি। চিকিৎসায় অবহেলা করায় তিনি (তামিমা) মারা গেছেন। আমরা এর ন্যায্য বিচার চাই।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন। তাদের অভিযোগ সঠিক নয়।
সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, বেসরকারি হাসপাতালে গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।