জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৬:৪০ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৭:২০ পিএম
জামালপুরে বিভিন্ন সমবায় সমিতির প্রতারকদের বিচার ও আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। প্রবা ফটো
জামালপুরে বিভিন্ন সমবায় সমিতির প্রতারকদের বিচার ও আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৯ জুন) দুপুরে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ বিভাগীয় হিউম্যান রাইটস ফোরাম ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, অ্যাডভোকেট ইসমত পাশা, সমবায় সমিতির ভুক্তভোগী মুকুল আক্তার, ফারুকসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদারগঞ্জ উপজেলায় আল-আকাবা, শতদল, রূপসী বাংলা, স্বদেশ, নবদ্বীপসহ শতাধিক সমবায় সমিতি কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে আড়াই হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এখন তারা বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছে।
তারা আরও বলেন, টাকা হারিয়ে এসব সমিতির গ্রাহকর নিঃস্ব হয়ে গেছে, অভাব-অনটনের কারণে তারা চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। গ্রাহকদের টাকা ফেরত ও সমবায় সমিতির নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান, রেল ও সড়কপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।