খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২২:১৭ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ২২:১৯ পিএম
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের রূপকার তিনি। ধর্মানুরাগী হওয়ায় প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণের জন্য ট্রাস্ট গঠন করেছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
শুক্রবার (২৮ জুন) খাগড়াছড়ি জেলা সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি আরও বলেন, ‘সত্যকে ও ধর্মকে ধারণ করে সমাজ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করা জরুরি। সঠিক চিন্তাচেতনা ও বুদ্ধিবিবেচনা আছে বিধায় মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অহিংসা পরম ধর্মÑ এটিই গৌতম বুদ্ধের অমূল্য বাণী।’
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৮৪টি বৌদ্ধবিহারে ১৫ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার দারুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় চেক বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা সদস্য শাহিনা আক্তার, সদস্য ক্যজরী মারমা, সাবেক অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন বিহারের ভান্তে ও বিহার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।