নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২১:৫৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ২২:০৭ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাখি মাছ। ডাকের মাধ্যমে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। শুক্রবার (২৮ জুন) দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়। এ সময় এটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
জানা গেছে, মনির মাঝি নামের এক জেলে মাছটি পান। এটি শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় এনায়েত বেপারি কিনে নেন। এর আগে সকালে ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ কেনেন এনায়েত বেপারি। মাছটি নরম ছিল বলে মাত্র ১ হাজার ২০০ টাকায় কেনেন তিনি।
এনায়েত বেপারি বলেন, সকালে একটা পাখি মাছ কিনেছি, আবার দুপুরে একটা কিনলাম। এই মাছ পাওয়া যায় না। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুতগতির, ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে সাঁতার কাটে। মাছটি খেতে খুব সুস্বাদু।