× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে মধ্যরাতে কাউন্সিলর আজাদের বাসায় হামলা-ভাঙচুর

সিলেট অফিস

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ১৮:০১ পিএম

বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। প্রবা ফটো

বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। প্রবা ফটো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২টার দিকে নগরীর টিলাগড়স্থ পূর্ব শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

এর আগে রাত দেড়টার দিকে টিলাগড়স্থ ভাটাটিকর এলাকায় কাউন্সিলরের পৈতৃক ভিটায়ও হামলা করা হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে কাউন্সিলরের বাসার সামনে ও টিলাগড় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় আজাদের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ শেখ নজরুল ইসলাম ওরফে বিজয় নামে একজনকে আটক করেছে।

আজাদুর রহমান আজাদের অনুসারীদের দাবি, চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করায় এ হামলা হয়েছে। এদিকে হামলার খবর পেয়ে শুক্রবার সকালে কাউন্সিলর আজাদের বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তারা হামলায় কাউন্সিলর আজাদের ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন শেষে এ ঘটনার তীব্র নিন্দা জানান। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেটের বাইরে থাকায় তারা ফোনে কাউন্সিলর আজাদকে সমবেদনা জানান এবং হামলার ঘটনায় তীব্র্র নিন্দা জানান।

স্থানীয় সূত্র জানায়, আজাদ ওই ওয়ার্ডে টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও  সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সঙ্গে সিলেটের আলোচিত ‘টিলাগড় গ্রুপ’ নামের একটি অংশের নেতা হিসেবেও পরিচিত তিনি। এর বাইরে টিলাগড় গ্রুপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত চন্দ্র সরকারের পৃথক দুটি বলয় আছে ।

কাউন্সিলর আজাদের অনুসারীদের অভিযোগ, শেখ নজরুল ইসলাম ওরফে বিজয়, সুহেল, নাসির, রাব্বী, রিয়াজুল, সামাদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার পৈতৃক ভিটা ভাটাটিকরে হামলা চালান। পরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়।

একই সঙ্গে রাতে আজাদের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আজাদের অনুসারীরা জড়ো হলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। এতে আজাদের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হন।

আজাদের অনুসারীরা জানান, আজাদুর রহমান আজাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কিছুসংখ্যক মাদকসেবী একটি মহলের ইশারায় এ হামলা ঘটিয়েছে। তবে হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তার অনুসারীরা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া দেয়। ধাওয়ার মুখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। 

এরপর কয়েকজন হামলাকারীর বাসায় আজাদের অনুসারীরাও হামলার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঘটনা আর বড় হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আজাদুর রহমান বলেন, ‘একটি চিহ্নিত মাদকসেবী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, হামলা-দখলবাজি চালিয়ে আসছে। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময় আমার কাছে এসে অভিযোগ করে থাকে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। একজন জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডের সাধারণ মানুষের যেকোনো সমস্যাকে গুরুত্ব দিয়ে থাকি। ওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় থানায় মামলা করব।’

তবে তাৎক্ষণিকভাবে হামলায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. সোহেল রেজা বলেন, ‘এ ঘটনায় এখনও থানায় অভিযোগ হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা