পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৬:১৪ পিএম
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে পাবনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রবা ফটো
পাবনায় নিজ সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
জানা গেছে, উদ্বোধন শেষে নিজ বাড়িসংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন ডেপুটি স্পিকার। এ সময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে নিজ বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, ‘দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু তার হার্টের (হৃদযন্ত্র) অবস্থা ততটা ভালো নয়। এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলো।’