পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৫:০০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৫:৪৪ পিএম
পাবনার বেড়ায় ৫০ হাজার বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রবা ফটো
পাবনার বেড়ায় ৫০ হাজার বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।
শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বেড়া পৌরসভা ও আশনা এনজিওর সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন করছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছেন। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী সবুজায়নের যে উদ্যোগ নিয়েছেন, বর্তমান বিশ্ব তার এ কর্মসূচি গ্রহণ করেছে। কারণ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্যই আমাদের সব ষড়যন্ত্রের মোকাবিলা করে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।’
আশনা এনজিওর প্রধান নির্বাহী পরিচালক ও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম, বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপপ্রধান নির্বাহী আবদুল হাকিম, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন হান্নান, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার জলি প্রমুখ।